রাসেল-শামীমাকে ৭ দিনের রিমান্ডে চায় ধানমন্ডি থানা পুলিশ

গ্রাহকের প্রতারণা ও টাকা আত্মসাতের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে তাদের।

গুলশান থানায় দায়ের করা মামলায় তাদের আর রিমান্ড চাওয়া হবে না বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম।

তবে ধানমন্ডি থানার মামলার রাসেল-শামীমা দম্পতির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী।

তিনি বলেন, আমাদের থানায় গ্রাহকের অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তদন্তের প্রয়োজনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ধানমন্ডি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করেন মো. কামরুল ইসলাম চকদার নামে এক গ্রাহক। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়।

এর আগে একই অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল-শামীমা দম্পতিকে গ্রেফতার করে র‍্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর