বঙ্গবন্ধুর নামে জাতিসংঘ সদরদপ্তরে বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণীসংবলিত একটি বেঞ্চ ও একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় এ বেঞ্চ উন্মুক্ত ও বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ মাসেই (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে আসেন এবং ২৫ সেপ্টেম্বর তিনি (বঙ্গবন্ধু) বাংলায় ভাষণ দেন।

তিনি বলেন, এই সেপ্টেম্বর মাসে এত চমৎকার একটি জায়গায় বৃক্ষরোপন করা হলো এবং একটি বেঞ্চ উৎসর্গ করা হলো। এ বৃক্ষটাও শতবর্ষের ওপর টিকে থাকবে এবং শান্তির বারতা বয়ে বেড়াবে।

শেখ হাসিনা বলেন, এখানে বেঞ্চ উৎসর্গ করা হলো ও একটি বৃক্ষরোপণ করা হলো। বৃক্ষ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষকে খাদ্য ও ছায়া দেয়। একইসঙ্গে মানুষের জীবনকেও রক্ষা করে। আর বেঞ্চটাই সবচেয়ে বড় বিষয়- মানুষ এখানে শান্তিতে বসবে, কিছুক্ষণ আরাম করবে এবং চিন্তা করবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশের মানুষের দুঃখের কথা যেমন ভেবেছেন অন্যদিকে সারা বিশ্বের ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত-বঞ্চিত মানুষের কথাও বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জীবনের লক্ষ্য ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। কারণ এতে শান্তি আসবে। তিনি সবসময় শান্তির সন্ধানেই ছিলেন। শান্তির জন্যই তিনি সংগ্রাম করেছেন। শান্তি ছাড়া কখনও কোনো দেশের উন্নতি হয় না। এটি আমরা নিজেরা খুব ভালো বুঝি। শান্তিপূর্ণ পরিবেশে সবসময় উন্নতি হয়।

বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্বের সব শহীদ শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর