ইউপি থেকে ভিজিডির চাল পাচারের চেষ্টা!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায়দে জন্য বরাদ্দের চাল পাচারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি বস্তা পাল্টে চাল পাচারের চেষ্টার সময় স্থানীয়রা প্রশাসনকে জানালে চাল গুলো পাচার হওয়া থেকে রক্ষা হয়। সোমবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে।
উপজেলার সোহাগী ইউনিয়নে চলতি মাসে প্রত্যেকের ৩০ কেজি করে ২৩৩ জন উপকার ভোগীর জন্য ভিডিজির চাল বরাদ্দ হয়। চাল বিতরণ শেষে ৮৪ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদামে থেকে যায়। সেই চালের বস্তা পাল্টে পাচারের প্রস্তুতি চলছে সোমবার সন্ধ্যায় এমন খবর যায় উপজেলা প্রশাসনের কাছে। পুলিশ নিয়ে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল।
প্রশাসনের লোকজন সেখানে গিয়ে দেখতে পান, ২১ টি সরকারি চালের বস্তার মুখ খোলা রয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থল ত্যাগ করেন চাল সরানোর সঙ্গে জড়িত ইউপি সদস্য মো. ফজলুল হক ও তার লোকজন। ওই অবস্থায় প্রশাসনের লোকজন ভিজিডির বরাদ্দের চালের গুদামটিতে তালাদিয়ে চাবি নিয়ে যান।
সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, আতব চাল হওয়ায় উপকার ভোগীরা হয়তো চাল বিক্রি করে গেছে। সেই চাল গুলো সরানোর জন্য বস্তা গুলো খোলা হয়ে থাকতে পারে। মেম্বার ফজুলুর লোকজন যেহেতু ছিলো সেহেতু এর সঙ্গে সেই জড়িত। তবে ফজলুল হকের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরিফুল হক/বার্তা বাজার/এসবি