ভাঙ্গা পৌরসভায় টানা চতুর্থবার মেয়র হলেন আবু ফয়েজ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আবু ফয়েজ মো. রেজা। এর আগেও তিনি তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। এবার চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।

এর আগে সোমবার(২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫টি ভোট কেন্দ্রের ৮১টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পরে ভোট গণনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমর্থিত প্রার্থী আছাদুজ্জামান আছদ মিয়া হাতপাখা মার্কায় পেয়েছেন ৪ হাজার ৭৩৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল মুন্সি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৯ ভোট।

জানা যায়, ভাঙ্গা পৌরসভা ১ মার্চ ১৯৯৭ সালে গঠন করা হয়। এরপর থেকেই একটানা মেয়রের দায়িত্ব পালন করছেন আবু ফয়েজ মো. রেজা। তিনি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২৬ হাজার ৮শ ৮১। পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪শ ৪৬ এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪শ ৩৫ । নির্বাচনে মেয়র পদে ছাড়াও কাউন্সিলর পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার আজিমুদ্দিন খাঁন জানান, ‘সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১২ জন ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর