বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ‘বিএনপি প্রকৃতপক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চায় কি না তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে’। দলের চেয়ারপার্সনের জন্য বিএনপির কোনো মিছিল করেনি বলেও তিনি মন্তব্য করেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
কাদের বলেন, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে। দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে। গত ১৩ বছর বিএনপির আন্দোলন করার নিষ্ফল আহ্বান যেমনি ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না বরং তার বয়স এবং স্বাস্থ্যের ওপর নজর দিয়ে তার সাজা স্থগিত করেছে চতুর্থ বারের মতো। এ উদারতা একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে।
বার্তা বাজার/এসজে