রূপপুর প্রকল্পে চুল্লি থেকে পড়ে নিহত ২

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত অবস্থায় চুল্লি থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদ্বয় প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪) ও পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর ফুটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০)।

জানা যায়, প্রকল্পের ২ নং চুল্লিতে নির্মাণ কাজ করার জন্য তারা উঠেছিলেন। সেখানে থেকে ৩ জন ছিটকে পড়ে গিয়ে আহত হয়। উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়, সেখানে দুজন মারা যায়। মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর