মারা গেল শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে জন্ম নেয়া কন্যা শিশুটি
বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে জন্ম নেয়া শিশুটির রোবাবর (২০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর উপজেলার বড়মগড়া গ্রামের রমেন জয়ধরের স্ত্রী অপু জয়ধর স্থানীয় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেয়।
স্থানীয় ওই ক্লিনিকের পরিচালক ডা. হিরণ্ময় হালদার জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যা শিশুটির হৃদপি- শরীরের ভেতরে নয়, বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটি ভর্তি না নিয়ে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ দিকে বারডেমের চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশুটিকে আইসিইউ’তে ভর্তিসহ পরবর্তী অপারেশনের জন্য খরচ হবে প্রায় আট থেকে ১০ লাখ টাকা।
কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা না থাকায় শিশুটির পরিবার পুনরায় ঢাকা থেকে বাড়িতে নিয়ে এসে আবারও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
এদিকে শিশুটির চিকিৎসার জন্য পরিবার থেকে আর্থিক সহযোগিতা প্রার্থনা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থকে প্রাথমিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। ইতিমধ্যে এগিয়েও এসেছিলেন সমাজের অনেকেই।
আরিফিন রিয়াদ/বার্তা বাজার/এসবি