মৃত্যুর পর এসব সম্পদের কী হবে: প্রশ্ন সেতুমন্ত্রীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা লোভ-লালসায় বেপরোয়া, তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে। তাই প্রতিটি সেক্টরে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জীবনকে উপভোগ করতে কত টাকা, কত সম্পদ প্রয়োজন? মৃত্যুর পরে তো এসব সম্পদ সঙ্গে নিতে পারবেন না। তখন এসব সম্পদের কী হবে?

সোমবার (২০ সেপ্টেম্বর) বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে যেন দুর্নীতি বাসা বাঁধতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকারের সময় বিআরটিসি ছিল দুর্নীতির আখড়া। তবে শেখ হাসিনা সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তাই যেকোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না, কোনো দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর