রাজশাহী নগরীতে লেফটেন্যান্ট কর্ণেল পরিচয় দিয়ে প্রতারনাকারী যুবককে আটক করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র সাইবার ক্রাইম ইউনিট আসামী রবিউল ইসলাম রবিকে রোববার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেফতার করে। আসামী নগরীর দামকুড়া থানার কলার টিকর গ্রামের আসাদ আলীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, পাবনা সুজানগরের এক বিবাহিতা নারীর সাথে ফেসবুকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল পরিচয় দিয়ে গত ১ বছর ধরে ফেসবুক মেসেঞ্জার এবং মোবাইলে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং সাক্ষাৎ হয়। রবিউল মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ওই নারীর প্রথম স্বামীকে তালাক দিতে বাধ্য করে। এরপর রবিউল গত ১৩ আগস্ট ফরিদাকে বিয়ে করে।
বিয়ের পর থেকেই গোপনে রবিউল তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। একসময় ওই ভুক্তভোগী নারী বিষয়টি জানতে পারে এবং তার অনুমতি না নিয়ে রবিউল গোপনে প্রায়ই তার ফেসবুক মেসেঞ্জার হতে বিভিন্ন ব্যক্তির সাথে চ্যাট করে। এক সময় কৌশলে রবিউল ওই নারীকে টাকার জন্য চাপ দিতে থাকে।
এক পর্যায়ে ওই নারী প্রতারণার বিষয়টি জানতে পারলে রবিউল তাকে ভয়ভীতি দেখাতে থাকে। এরপর গত ১৪ সেপ্টেম্বর রবিউলকে তালাক দেয় ওই নারী। এতে রবিউল আরো ক্ষিপ্ত হয়ে ওই নারীর নামে গোপনে একটি ফেসবুক একাউন্ট খোলে। এরপর সেই ফেসবুক একাউন্টের মেসেঞ্জার থেকে তার আত্মীয় স্বজনদের নিকটে তার নামে বিভিন্ন মানহানিকর ম্যাসেজ এবং গোপনে ধারণকৃত তাদের অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ছবি পাঠায়।
পরে রবিউল ওই নারীর থেকে অর্থ দাবি করে হুমকি দিতে থাকে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযোগটি বিশ্লেষণ করে সত্যতা পায় এবং আসামীর ব্যবহৃত ডিভাইসসহ পরিচয় ও অবস্থান শনাক্ত করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সাইবার ক্রাইম ইউনিট টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় কোর্ট স্টেশন এলাকা থেকে এই ভূয়া লেফটেন্যান্ট কর্ণেল পারিচয়দানকারী প্রতারক রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক রবিউল তার অপরাধের কথা স্বীকার করেছে। সে আরও জানায় দীর্ঘদিন যাবৎ ভুয়া সেনাকর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতরণামূলক কাজ করে আসছে। প্রতারক রবিউলকে দামকুড়া থানায় প্রেরণপূর্বক ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/অমি