সরকার যেকোনো সময় খালেদা জিয়ার মুক্তি বাতিল করতে পারে
সরকার চাইলে যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ বাতিল করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
‘সরকার ভয়ে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করছে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির উচিত ছিল আগেই সরকারকে ধন্যবাদ দেওয়া। কারণ খালেদা জিয়া জামিনে কিংবা আদালত কর্তৃক মুক্তি পাননি। প্রধানমন্ত্রী আইনে প্রদত্ত ক্ষমা বলে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন। এ কারণে খালেদা জিয়া কারাগারের বাইরে আছে। বিএনপির উচিত শুকরিয়া আদায় করা ও সরকারকে ধন্যবাদ দেওয়া।
সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু সরকার যদি চায় তাহলে সেই আদেশ বাতিল করতে পারে। যদি সেই আদেশ আগামীকাল বাতিল হয় তাহলে কালই খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। বিএনপির এটা মনে রাখা উচিত।
বার্তা বাজার/নব