রিজেন্টকাণ্ড: দুদকের চার্জশিটে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি
রিজেন্টকাণ্ডে প্রথম মামলায় আসামি না করা হলেও তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ সেপ্টেম্বর) তাদের ছয়জনকে অভিযুক্ত করে দেয়া তদন্ত প্রতিবেদন অনুমোদন দেয় দুদক।
দুদক সূত্রে জানা যায়, বিনামূল্যে করোনা পরীক্ষার কথা বলে ৩ হাজার ৯৩৯ জনের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করে আত্মসাৎ করে রিজেন্ট হাসপাতাল।
করোনাকালীন সময়ে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের খাবার খরচসহ বরাদ্দ মাসিক চাহিদা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে থেকে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসপাতালের বিরুদ্ধে।
কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ এর সেপ্টেম্বরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রথম মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের নাম ছিলো না।
তবে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় প্রায় এক বছর পর এই মহাপরিচালককে সম্পৃক্ত করে দুদক। অভিযোগপত্রে রিজেন্টের সাহেদ, সাবেক ডিজি আজাদ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক মো. ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে আসামি করা হয়েছে।
বার্তা বাজার/নব