‘ডেঙ্গু পরিস্থিতি এক মাসের মধ্যে সহনীয় পর্যায়ে আসবে’

দেশের ডেঙ্গু পরিস্থিতি আগামী এক মাসের মধ্যে সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। এক মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর প্রকোপ বাড়ার অন্যতম কারণ। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘসময় ধরে চলা বিধিনিষেধ ও ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে থাকায় পরিত্যক্ত স্থানে পানি জমে মশার জন্ম হয়েছে। এছাড়া নির্মাণাধীন ভবনগুলোর শ্রমিকরা ছুটিতে থাকায় সেখানেও মশার লার্ভা পাওয়া গেছে।

ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্তের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, এসব দেশে প্রচুর আক্রান্ত হয়েছে। এসব দেশের চেয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো। তবে দুঃখের বিষয় হলো এবার ডেঙ্গুতে অনেক শিশু মারা গেছে। অনেকে স্বজন হারিয়েছেন। আমরা আর একজনকেও হারাতে চাই না। এবার যে অভিজ্ঞতা হয়েছে এটা পরের সময়গুলোতে কাজে লাগিয়ে পদক্ষেপ নেব।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে মশা নিধনের জন্য একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের অভিজ্ঞতা নিয়ে ২০২০ সালে কাজ করি সে জন্য আক্রান্ত হয় মাত্র ১ হাজার ৪০৫ জন। কিন্তু ২০২১ সালে দেখলাম অনেক বেশি আক্রান্ত হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

দেশে ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বিদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি দেশের বাইরে ছিলেন, তবে এখন চলে এসেছেন। তিনি যথেষ্ট কাজ করছেন। দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুর প্রকোপ বেশি। মানুষকে সচেতন করা যাচ্ছে না। পাশের বাড়িতে ডেঙ্গু রোগী মারা গেলেও তারা সচেতন হচ্ছেন না। সবাইকে সচেতন হতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর