ই-কমার্স ব্যবসার তদারকি কর্তৃপক্ষ চেয়ে হাইকোর্টে রিট

দেশের ই-কমার্স ব্যবসার তদারকিতে একটি ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাধন।

সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন তিনি।

রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ই-ক্যাবকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন গ্রেফতার হওয়ার পর এবার ই-কমার্স ব্যবসা তদারকিতে ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ চেয়ে রিট আবেদন করা হলো।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির এমডি-চেয়ারম্যানকে গ্রেফতার করে র‍্যাব। গ্রাহকের টাকা আত্মসাত ও প্রতারণার মামলায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাদের তিনদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর