ইউপি নির্বাচন: ভোটের আগেই আ.লীগের ৪৩ প্রার্থী জয়ী

করোনাভাইরাস মহামারির কারণে প্রথম ধাপে স্থগিত থাকা ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তবে ১৬১টি ইউনিয়নের মধ্যে বাগেরহাট, খুলনা ও চট্টগ্রামের ৪৩টি ইউনিয়ন পরিষদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আগামীকাল যেসব জেলায় ইউপি নির্বাচন হবে এর মধ্যে বাগেরহাটে ৬৬টি, খুলনায় ৩৪টি, সাতক্ষীরায় ২১টি, চট্টগ্রামে ১২টি, নোয়াখালীতে ১৩টি এবং কক্সবাজারে ১৪টি ইউনিয়ন রয়েছে।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোট হবে। গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬০টিতে আগামীকাল (২০ সেপ্টেম্বর) ভোট হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর