সিগারেট জ্বালাতে ম্যাচ না দেওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজারের এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হোটেল ব্যবসায়ী তার নাম মিনাহাজ উদ্দিন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে । নিহত মিনহাজ উদ্দিন (৪৫) কালিয়াকৈর উপজেলার বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন ও তার দুই কর্মচারী আলম হোসেন, জামাল মিয়াকে নিয়ে একটি আশ্রমে মেলায় যান। সেখানে মেলার আয়োজক কমিটির সঙ্গে কথা বলে ফেরার সময় দেওয়ার এলাকার রিপন (২৩) ও তুহিন (১৯) তার কাছে সিগারেট সেবনের জন্য ম্যাচ চান।
এ সময় মিনহাজ তাদের ম্যাচ দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর খানিক পরে রিপন ও তুহিন গিয়ে ১০-১৫ মিনিটের মধ্য আরও কয়েকজনকে নিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বুকে, গালে ও কপালে আঘাতের চিহ্ন ছিল।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান জানান, আশ্রমের সামনে রিপন ও তুহিন ব্যবসায়ী মিনহাজকে মারধর করলে ঘটনাস্থালে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এসবি