পর্যটকবাহী গাড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবর্ষণ
পার্বত্য বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় হামলার শিকার গাড়িটি খাদে পড়ে গিয়ে ২ পর্যটক তরুণী আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাঙামাটির রাজস্থলী উপজেলার পোয়ইতুপাড়া এলাকার অয়সিংনু মারমা এবং মেহাইচিং মারমা। তারা বান্দরবানের বগালেকসহ বেশ কয়েকটি স্পটে ভ্রমণ শেষে ১৯জন পর্যটকসহ নিজ বাড়িতে ফিরছিলেন।
জানা যায়, পাহাড়ি সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিবর্ষণের কারণে ভ্রমণকারীদের গাড়ির চাকা পাংচার হয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন নারী ভ্রমণকারী আহত হন। এরপর দ্রুত ভ্রমণকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বাঙালহালিয়া বাজারে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রোঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দাবি করেন, ভ্রমণকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র ক্যাডাররা জড়িত। সন্ত্রাসীরা একশ চল্লিশ থেকে একশ পঞ্চাশ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, রুমা উপজেলায় ভ্রমণ শেষে রাঙামাটি জেলার রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে গাড়ি খাদে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে ভ্রমণকারীদের কেউই গুলিবিদ্ধ হয়নি বলে খবর পেয়েছি।
বার্তা বাজার/এসজে