পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় নয়জনের ফাঁসি ও ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৩ জুলাই) দুপুর ১২টার দিকে পাবনা জর্জ কোর্টে এ আদেশ দেন পাবনা দায়রা জজ-১ এর বিচারক মো. রোস্তম আলী।
১৯৯৪ সালের ২৩ শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্রৃত্তরা। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।
হামলার ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৩৫ জনকে আসামি করে মামলা করলেও বিএনপির আমলে তদন্ত এগোয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তদন্ত গতি পায়।
তদন্ত শেষে পুলিশ মোকলেছুর রহমান বাবলু, জাকারিয়া পিন্টুসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করছেন পিপি আক্তারুজ্জামান মুক্তা। অন্যদিকে আইনজীবি নুরুল ইসলাম গ্যাদাসহ কয়েকজন আসামিদের পক্ষে শুনানি করেন।
বার্তাবাজার/এএস