জনগণ সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা জনগণের আস্থা হারিয়ে এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। কিন্তু জনগণ তাদের কুৎসাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নয়াবাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। বিএনপি নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।

রিজভী বলেন, সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও অন্য সবদিক থেকে ব্যর্থ হয়েছে। এ সরকারের আমলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। বর্তমানে সরকারে পায়ের নিচে মাটি নেই।

বিশ্ব সম্প্রদায় বর্তমান সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেজন্য দেশের মানুষের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশও দাবি জানাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রচণ্ড চাপ দিচ্ছে। ইনশাল্লাহ, এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে সরকার এখন নানা কালাকানুন করছে। আদালত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার চেষ্টা করছে। সাংবাদিকদের মুখ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে হয়রানি করছে। মূলত মানুষের মুখ স্তব্ধ করে দিতে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। গণমাধ্যমের মুখ বন্ধ করে দিতে চায় তারা।

এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহমান, যুবদল নেতা সাঈদ হাসান মিনটু, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, বিএনপি নেতা লতিফুল্লাহ জাফরু প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর