বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়: কৃষিমন্ত্রী

জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দুঃস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুর পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না, বরং নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানান পায়তারা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে।

মন্ত্রী বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন তা সারাবিশ্বে বিরল। প্রধানমন্ত্রী সকল শ্রেণি-পেশার অসহায় মানুষকে জিআর, ২০ টাকা কেজিতে চাল, ৩০ টাকা কেজিতে ওএমএস চালসহ নানান সাহায্য ও সহযোগিতা দিয়েছেন। এর ফলে করোনাকালেও দেশে খাদ্যের কষ্ট নেই।

অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো: সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহম্মেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর পরে দুপুরে কৃষিমন্ত্রী শহরের পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর