প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত।
বৃহস্পতিবার জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন ও আজ শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ন্যাপের মো. মনিরুল ইসলাম সশরীরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে একক প্রার্থীর প্রতিবেদন পাঠানো হবে। সোমবার (২০ সেপ্টেম্বর) গণবিজ্ঞপ্তি জারি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হবে।
উপ-নির্বাচনের তফসিল মোতাবেক, আগামী ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ অক্টোবর ইভিএমে ভোট গ্রহণের কথা রয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এখন আর ভোট গ্রহণের প্রয়োজন নেই।
দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি অধ্যাপক আলী আশরাফ। তার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।
বার্তা বাজার/নব