রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লাকে সংগঠন বিরোধী কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা যুবলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ইতিপূর্বে সাধারণ সম্পাদক জুলহাস মোল্লার প্রতি অনাস্থা এনেছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ জন্য গোয়ালন্দ উপজেলা যুবলীগ এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে তার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে।
এ প্রসঙ্গে বহিস্কৃত সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা দাবি করেন, বহিষ্কারের বিষয়ে তিনি কোন পত্র পাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোর বিষয়ে তাকে কোনরূপ শোকজও করা হয়নি। বহিষ্কার অগঠনতান্ত্রিক ভাবে করা হয়েছে। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
বহিষ্কারের বিষয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের ভিশন বান্তবায়নের লক্ষে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের অনাস্থা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. জুলহাস মোল্লাকে বহিস্কার করা হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/নব