কয়েক ঘন্টা চিকিৎসা শেষে আবারও থানায় রাসেল

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে চিকিৎসা শেষে আবারও থানায় আনা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানা থেকে অসুস্থ অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তাকে আবারও গুলশান থানায় নেওয়া হয়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রাসেলের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম।

তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বড় কোনো সমস্যা হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন, গত দুইদিনে সামান্য অনিয়মের কারণে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও থানায় আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী নাসরিনের নামে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। মামলা দায়ের করার পরেই তাকে বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিন রিমান্ডে পাঠান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর