দেশের আলোচিত ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলশান থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক অলিন্দ্র।
তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবার রাসেলের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. রাসেলকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী নাসরিনের নামে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। মামলা দায়ের করার পরেই তাকে বাসা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে র্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিন রিমান্ডে পাঠান।
বার্তা বাজার/এসজে