মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করে চোর চক্রটি বিভিন্ন ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- চক্রের প্রধান- দেলোয়ার হোসেন (২৪), দুলাল হোসেন (৩৯), হাসমত বেপারী (৩৪), রবিন (১৮) ও আনোয়ার হোসেন (৩৬)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী ও রূপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মেট্রোরেলে ব্যবহৃত এক টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের এডিসি মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে দুলাল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
আরিফুল ইসলাম বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি শুরু হয়েছে। পল্লবীর মেট্রোরেলের ৮৪ নম্বর পিলার থেকে মিরপুর ১০ নম্বর এলাকার ২৪৭ নম্বর পিলারের এরিয়ায় এই চুরিগুলো হচ্ছে।
তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের মালামাল চুরি হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, কিছুদিন আগে তারা মেট্রোরেলের দুই টন মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেছে। তারা মেট্রোরেল এলাকা থেকে মালামাল চুরি করে সেই মালামাল ভাঙারি হিসেবে প্রস্তুত করে। পরে বিভিন্ন ভাঙারির দোকানে চোরাই মাল বিক্রি করে তারা। বৃহস্পতিবারের অভিযানে দুটি ভাঙারির দোকান থেকে জব্দ করা মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে মেট্রোরেলের মালামাল পাহাড়ার জন্য আলাদা ফোর্স দেওয়া হয়েছে। মেট্রোরেলের স্টেশনগুলোতে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা আলাদা ফোর্সের ব্যবস্থাও করা হয়েছে।
বার্তা বাজার/নব