নওগাঁর ধামইরহাটে জনগুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে দুটি কালভার্ট ভাঙা থাকায় চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার মানুষ। ফলে কালভার্ট দুটি দ্রুত মেরামত করা না হলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দ্রুত সমাধান হবে বলেও নিশ্চিত করেন।
জানা গেছে, নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কটির গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক হিসেবে উপজেলার পোস্ট অফিস সংলগ্ন(হাটখোলা) হইতে বিহারীনগর বাজারের সামনে অবদি রাস্তাটি ভুমিকা পালন করে আসছে। সড়কের মঙ্গলকোঠা-তালঝাড়ি নামক গ্রামের মাঝপথে জনগুরুত্বপূর্ণ কালভার্ট টির মধ্যে বড় আকারে ১টি গর্তের সৃষ্ঠি হয়েছে। দ্রুত এটি মেরামত না হলে দিনদিন গর্তের আকার বেড়ে চলেছে।
সাপ্তাহিক হাটবাজারের পাশাপাশি সড়কটির ক্ষতিগ্রস্থ কালভার্টটি শহরের মধ্যস্থিত গ্রোথ সেন্টারের সন্নিকটে এবং দক্ষিনাংশ দিয়ে উপজেলার সদরে প্রবেশের একমাত্র পথ হওয়ায় বাইপাস সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। অপর দিকে উপজেলার ফার্শিপাড়া বাজার থেকে রাঙ্গামাটি সড়কের রঘুনাথপুর বাজারের সামনে বক্স কালভার্টটি রয়েছে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ অবস্থায়।
ক্ষতিগ্রস্থ দুটি কালভার্ট এর কারনে উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষসহ পাশ্ববর্তী উপজেলার মানুষদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কালভার্ট দুটি মেরামত না হলে বর্ণিত পথে যোগাযোগ বিছিন্ন সহ জনসাধারণ ও মালামাল পরিবহন অসম্ভব হয়ে পড়বে। ফলে দ্রুত মেরামত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ কালভার্ট দুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুত এসবের সমাধান করা হবে।
রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি