বিশ্ববিদ্যালয়ের হলে অছাত্রদের অবস্থান বন্ধ করতে হবে: সেতুমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অছাত্রদের অবস্থান বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শিক্ষা দিবস উপলক্ষে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, চলতি মাসের শেষেই খুলবে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জীবনযাত্রা কেমন তা দেখতে হবে। হলগুলোতে অছাত্ররা অবস্থান করে, তাদের লিখিতভাবে হলে থাকা বন্ধ করতে হবে। এতে এ নিয়ে কে খুশি হলো, কে অখুশি হলো তাতে কিছু যায় আসে না। শিক্ষাকে গুণগত গভীরতায় আনতে হলে এসব সিদ্ধান্ত নিতেই হবে।
সেতুমন্ত্রী বলেন, এই মূহুর্তে জরুরি হচ্ছে গবেষণা নির্ভর হয়ে শিক্ষার মান বৃদ্ধিতে নতুন কৌশলে এগিয়ে যাওয়া। মেধাবীদের মেধার মূল্যায়ন করতে হবে, কোনো নেতাদের তদবিরে নয়। শিক্ষার মান যেমন বাড়াতে হবে তেমনি শিক্ষকতার মানও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, মহামারি করোনায় অনেক ছাত্রছাত্রী ঝরে গেছে। অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছ। তাদের খুঁজে বের করে আবারও শিক্ষামুখী করতে হবে।
বার্তা বাজার/নব