দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসছে। এর ফলে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেছে। রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালের প্রায় ৭৫ শতাংশ বেডই এখন খালি রয়েছে।
এছাড়া রাজধানীর সরকারি হাসপাতালে ৫৫ শতাংশ ও বেসরকারি হাসপাতালে ৮৬ শতাংশ নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) খালি রয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান থেকে জানা যায়, রাজধানীর ১৭টি সরকারি ও ৩১টি বেসরকারি করোনা হাসপাতালের ৫ হাজার ৫৪০টি সাধারণ বেডের মধ্যে ৪ হাজার ১৫১টি ও ৮৫৯টি আইসিইউ বেডের মধ্যে ৬২২টি খালি রয়েছে।
১৭টি সরকারি হাসপাতালের ৩ হাজার ৮৯০টি সাধারণ বেডের মধ্যে ২ হাজার ৮০৫টি এবং ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ২১১টি।
অন্যদিকে ৩১টি বেসরকারি হাসপাতালের ১ হাজার ৬৫০টি সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ১ হাজার ৩৪৬টি। আর ৪৭৭টি আইসিইউ বেডের মধ্যে ৩৪৬টি খালি রয়েছে।
এর মধ্যে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ২৬টি আইসিইউ বেডের ১৬টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টির মধ্যে ১১টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টির মধ্যে সাতটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আটটির মধ্যে একটি, সরকারি কর্মচারী হাসপাতালে ছয়টির মধ্যে তিনটি, ৫০০ শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫টির মধ্যে সাতটি, শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে চারটির মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০টির মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০টির মধ্যে পাঁচটি এবং ডিএনসিসি কোভিড হাসপাতালে ২১২টির মধ্যে ১৪৬টি বেড খালি রয়েছে।
তবে কুর্মিটোলা হাসপাতালের ১০টি বেডের ১০টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০টি বেডের ২০টিতেই রোগী রয়েছে। এছাড়া সংক্রামক ব্যাধি হাসপাতাল, জাতীয় নিউরোসায়েনন্স হাসপাতাল, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে সাধারণ বেডে রোগী ভর্তি করা হলেও সেখানে আইসিইউ নেই।
বার্তা বাজার/নব