ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের: র্যাব
দেশি বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের কাছে দায়সহ ইভ্যালিকে বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের তিনবছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হয়ে দায় চাপানোর পরিকল্পনা নেন রাসেল। শেষ পর্যন্ত দায় মেটাতে ব্যর্থ হলেও দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল তার। প্রতিষ্ঠানের হাজার কোটি টাকা দেনা রয়েছে বলে জানান রাসেল।
র্যাব কর্মকর্তা বলেন, ব্যবসায়িক বিক্রি বাড়ানোর জন্য গ্রাহকের নিয়মিত প্রয়োজনীয় পণ্যকে বেছে নেয় ইভ্যালি। যেমন- মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, মোটরবাইক, গাড়ী, জুয়েলারি, ফার্নিচার ইত্যাদি। এসব পণ্যের ওপর মূল্য ছাড়ের জন্য অনেক চাহিদা তৈরি হয়। আস্তে আস্তে প্রতিষ্ঠানের ব্যাপক আকারে সায় তৈরি হয়।
তিনি আরও বলেন, রাসেল ও তার স্ত্রীর অপকৌশল ছিল নতুন গ্রাহকদের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের দায়ের অল্প অল্প পরিশোধ করা। ‘সায় ট্রান্সফার’ এর মাধ্যমে দুরভিসন্ধিমূলক অপকৌশল চালিয়ে যাচ্ছিল ইভ্যালি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করে র্যাব।
বার্তা বাজার/নব