জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দীর্ঘকাল দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের শান্তিপূর্ণ যেকোন কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যেন সরকারের রুটিন কর্মসূচিতে পরিণত হয়েছে।
বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ওপর শোষণ-নির্যাতন অব্যাহত রাখা।
বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আজ বান্দরবান জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপসহ গত কয়েকদিনে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনা বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই অংশ বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে দু:শাসনের অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের বিজয় হবেই।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ সাহসিকতার সাথে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেই।
বিএনপি মহাসচিব অবিলম্বে বান্দরবান জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।