দেশের প্রতিটি উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে লেখা থাকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (ইউএনও) পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে সব উপজেলা চেয়ারম্যানকে সংশ্লিষ্ট ইউএনওদের মত নিরাপত্তা প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত।
পাশাপাশি উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক),১৩(খ) ও ১৩(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্ট থেকে এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত সপ্তাহে বিচারপতি এসএম মনিরুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
মেহেদী হাসান চৌধুরী বলেন, চলতি বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন।
বার্তা বাজার/এসজে