বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

আগামী মাসেই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপের ঠিক আগেই কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তবে সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। বিশ্বকাপে কোহলির নেতৃত্বেই খেলবে ভারত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের তিন ফরম্যাটের এই অধিনায়ক এখন কেবল টেস্ট ও ওয়ানডেতেই নেতৃত্ব দিতে চান। এ কারণে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, ভারতের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দিতে পারায় আমি অনেক ভাগ্যবান। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিলো না। কাজের চাপ বুঝতে পারা অনেক জরুরি। আমি গত ৫-৬ বছর ধরে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার চাপ উপলব্ধি করতে পারছি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জণ্য আমার একটু জায়গা দরকার।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দলকে আমি উজাড় করে দিয়েছি এবং এখন খেলোয়াড় হিসেবেও সামনের দিনগুলোতে আমি শতভাগ দিয়ে যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর