ঝিরির পানিতে ভেসে গিয়ে ২ সন্তানসহ মা নিখোঁজ

বান্দরবানে বৃষ্টির সময় পাহাড়ের রাঙাঝিরিতে গোসলে করতে নেমে হঠাৎ স্রোতে ভেসে গিয়ে ২ সন্তানসহ মা নিখোঁজ রয়েছেন। বুধবার (১৫ সেপ্টম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা য়ায়, সদর উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিরি পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন। এ সময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হলে তাড়াহুড়া করে রাঙাঝিরি থেকে উঠার সময় পা পিছলে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু।

নিখোঁজরা হলেন- সাঙ্গাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুঙ ত্রিপুরা (১২) এবং ছেলে প্রদীপ ত্রিপুরা (৭)। তবে আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা রাঙাঝিরিসহ আশপাশের পাহাড়ের ছড়ামুখ গুলোতে নিখোঁদের খোঁজাখুঁজি করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

সদর ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে গোসল করতে নামে। এ সময় প্রবল বর্ষণ শুরু হলে ঝিরি থেকে উঠার সময় পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়। কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা প্রাণে বেঁচে গেলেও অপর ৩ জন পাহাড়ি ঢলে ভেসে যায়। তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর