ফরিদপুরের নগরকান্দায় একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামি মুরাদ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফূলসুতী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মুরাদ উপজেলার ফুলসূতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের বাসিন্দা সোবহান মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
মুরাদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রথম মামলাটি হয় গত ২৭ মে। অভিযাগ করে নয় বছরের একটি শিশুর মা। নগরকান্দা থানার মামলা নং ১০। দ্বিতীয় অভিযোগ করা হয় গত ১২ সেপ্টেম্বর। ১৫ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়ে এ অভিযোগ করা হয়। মামলা নং ২৯। বর্তমানে ঐ মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, গত ২৭ জুনের মামলার পর থেকে পলাতক ছিল মুরাদ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলসূতী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, মুরাদকে দু’টি মামলার গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে