ভৈরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছর ধরে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহরের চন্ডিবের গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল দুপুরে পুরাতন ফেরীঘাট এলাকায় চন্ডিবের গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র জামাল মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুদি দোকানদার একই এলাকার রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রফিকুল ইসলাম উত্তেজিত হয়ে ছুরি দিয়ে জামালকে আঘাত করলে জামাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের ছোট ভাই কামাল মিয়া বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রফিকুল ইসলাম আদালত থেকে জামিনে বের হয়ে আর হাজির হননি।

২০১৭ সালের ১২ অক্টোবর কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর পুলিশ রফিকুল ইসলামকে মঙ্গলবার রাতে শহরের চন্ডিবের থেকে তাকে গ্রেফতার করে

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃকে বুধবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জামাল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর