আবারও আলোচনায় বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ

মেয়াদ শেষ হওয়ার তিন মাস পরে বিশ্ববিদ্যালয়ের অর্থে ক্রয়কৃত মোবাইল ফোন ফেরত দিয়ে আবার আলোচনায় এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ।

গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্থে কেনা এই মোবাইল ফোনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডারে জমা দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভান্ডারের কর্মকর্তা মোর্শেদুল আলম রনি।

জানা যায়, অধ্যাপক কলিমউল্লাহ উপাচার্য হিসেবে যোগদান করার পর একটি মোবাইলের জন্য চাহিদাপত্র দিয়েছিলেন। কয়েকদফা তাকে বিভিন্ন মডেলের মোবাইল দেখানো হলেও তার পছন্দ হয়নি। পরে বিদেশি কোম্পানির সর্বাধুনিক একটি মোবাইল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কিনে দেয়, যার বাজার মূল্য ছিলো এক লাখ ২৯ হাজার ৬১০ টাকা।

কিন্তু চলতি বছরের ১৩ জুন তার উপাচার্য পদে মেয়াদ শেষ হয়ে যায়। তাকে নতুন করে নিয়োগ দেয়া হয়নি।দায়িত্ব হস্তান্তর করতে বিশ্ববিদ্যালয়ে না আসলে জমা দেননি মোবাইল ফোনটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডার থেকে বেশ কয়েকদফা মৌখিকভাবে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। অবশেষে তাকে চিঠি দিয়ে মোবাইলটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানতে পারলে এক বাহকের মাধ্যমে মোবাইলটি ফেরত দেন তিনি।

উল্লেখ্য,উপাচার্য থাকাকালীন সময়ে ক্যাম্পাসে টানা অনুপস্থিত থাকা,গভীর রাতে ক্লাস নেয়াসহ নানা বিতর্কে আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন পুরো মেয়াদ জুড়েই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর