লালমোহনে বৃদ্ধকে আচড়ে হত্যার অভিযোগে স্ত্রীর মামলা দায়ের

ভোলার লালমোহন উপজেলায় ৬৫ বছরের বৃদ্ধ শাহাজানকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধার স্ত্রী ভানু বিবি বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজান মিয়া ওই গ্রামের ছফর আলী সর্দার বাড়ির মৃত মফিজ সর্দারের ছেলে।

মামলার বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত ইমান আলী সর্দারের ছেলে মো. জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই প্রবাসী মো. আলমগীরের কাছ থেকে সুদে টাকা নেন নিহত শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম। সুদের ওই টাকা সময়মতো পরিশোধ করতে না পেরে আরও এক মাস সময় চান ঢাকায় কর্মরত আবুল কালাম।

এদিকে সুদের টাকা ফেরত না পেয়ে বড় ভাই জাহাঙ্গীরের কাছে নালিশ করেন প্রবাসী আলমগীর। তাই আবুল কালামের কাছ থেকে পাওনা টাকার বদলে তার ভাই শাহাজানের বসতঘরের পেছনে থাকা জমি দখলের পাঁয়তারা চালায় জাহাঙ্গীর।

এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে মাটি কাটতে যায় জাহাঙ্গীর ও তার লোকজন। এতে বাধা দিতে গেলে বৃদ্ধ শাহাজান মিয়াকে মারধর করেন তারা। একপর্যায়ে হামলাকারীরা বৃদ্ধ শাহাজান মিয়াকে শূন্যে তুলে মাটিতে আচড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে প্রেরণ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরিফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর