কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এঘটনায় সম্পৃক্ত একই গ্রামের মৃত বক্তার হোসেন মাষ্টারের ছেলে মধু মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আমজাদ হোসেন (৫৫) উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
সরেজমিনে গেলে নিহত আমজাদ হোসেনের স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) অভিযোগ করে বলেন, আজ সকালে হঠাৎ আমাদের বসতভিটার আম গাছের আগা (মূলশাখা) কাটতে থাকেন মধু মিয়া। এসময় আমজাদ তাকে বাধা দিতে গেলে মধু মিয়া (৪৫), স্ত্রী শরিফা খাতুন (৩০)সহ চার-পাঁচজন অতর্কিতভাবে হামলা চালান। এসময় মধু মিয়ার হাতে থাকা দায়ের উল্টোপাস দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মধু মিয়ার সাথে আমজাদ হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। এনিয়ে এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/অমি