রংপুরে ইউনিয়ন পরিষদের গণশুনানিতে উপসচিব
রংপুরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি বেশ সহায়ক। গণশুনানির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রংপুুুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হোসেন
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি একথা বলেন। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
রংপুুুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি বেশ সহায়ক। গণশুনানির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়েছে। মানুষ এখন জানে তারা চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে কি ধরনের সেবা পাবেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশার কথাও জনপ্রতিনিধিরা জানতে পারছেন।
প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ ফরহাদ হোসেন আরও বলেন, মানুষের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে হবে। এজন্য সরকারের বিভিন্ন বিভাগ প্রত্যন্ত পর্যায়ে কাজ করছে। তবে প্রত্যাশিত জনসেবা প্রাপ্তির ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বেশি প্রয়োজন। জনগণ যতবেশি সচেতন হবে, উন্নয়ন ও জনসেবা ততবেশি নিশ্চিত হবে।
গণশুনানিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আগামীদিনের পরিকল্পনার কথা জানানো হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। এতে সভাপতিত্ব করেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
ইউপি চেয়ারম্যান বলেন, করোনা অতিমারীর এই সময়ে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখা। সঙ্গে করোনা মোকাবিলা করা। আমরা দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছি। তার ইউনিয়নে ত্রিশ হাজারের বেশি মানুষের বসবাস। এরমধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৮০০ জন করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান।
গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটর (ডিএফ) মতিউর রহমান, ডিএফ কামরুল ইসলাম, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম।
এতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ (মেম্বার) ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধান ও উন্নয়নে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। অনুষ্ঠানের শেষে করোনা প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
রকি আহমেদ/বার্তা বাজার/অমি