খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ২৭৬ জন।
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১১৬ জনের।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় তিনজন, যশোরে একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ১০৬ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৬৪১ জন।
বার্তা বাজার/নব