আগামী এপ্রিলের মধ্যে আসবে ২৪ কোটি টিকা: পররাষ্ট্রমন্ত্রী
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে দেশে ২৪ কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা এই টিকা পাব বলে আশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ মানুষকে টিকা দিয়েছি। আমরা প্রথম ধাপে ৮ কোটি মানুষকে টিকা দিতে চাই। এ লক্ষ্যে ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশিরভাগই আমরা কোভ্যাক্স থেকে পাব।
রাশিয়ার টিকার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে ডা. এ কে আব্দুল মোমেন বলেন, রাশিয়ার টিকার খুব একটা অগ্রগতি নেই। তবে এ নিয়ে আমরা কাজ করছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের দেশের তুলনায় ভারতে করোনার সংক্রমণ হার বেশি। কিন্তু ভারতের নাগরিকদের রেড অ্যালার্ট না দিয়ে বাংলাদেশের নাগরিকদের রেট অ্যালার্ট দিয়েছে যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য বলছে, আমাদের দেশে নাকি করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট আছে। কিন্তু আমাদের এখানে এই ভ্যারিয়েন্ট নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বলে, আমাদের এখানে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। তাহলে সুবিধা হবে।
বার্তা বাজার/নব