চাঁদের বুকে জমি কিনলেন বাংলাদেশি দুই তরুণ

পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে অনেকেই চাঁদে জমি কিনেছেন। এবার সে তালিকায় যোগ দিলেন বাংলাদেশের সাতক্ষীরার দুই তরুণ। চাঁদে জমি কেনার দাবি জানিয়েছেন এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন নামের দুই তরুণ।

চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে মাত্র ৫৫ ডলার দিয়ে চাঁদে এক একর জমি কেনার দাবি করেছেন তারা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) চাঁদে জমি ক্রয়ের সেই দলিলও পেয়েছেন তারা। কোথায় তাদের জমি সেটাও চাঁদের ম্যাপে উল্লেখ করা হয়েছে।

এর আগে এই প্রতিষ্ঠান থেকে চাঁদে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোলান্ড রিগ্যান। এবার সেই প্রতিষ্ঠানের মালিক ডেনিস হোপের কাছ থেকে জমি কিনলেন দুই বাংলাদেশি তরুণ।

এস এম শাহিন আলমের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালিতে ও শেখ শাকিল হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়ায়।

চাঁদে জমি কেনার ব্যাপারে জানতে চাইলে এস এম শাহিন আলম বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারতের অনেক নামীদামী তারকা চাঁদে জমি কিনেছেন। চাঁদে আমাদের জমি থাকবে, এমনটি শখ ছিল আমাদের। এরপর খোঁজ-খবর নিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করি।

শেখ শাকিল হোসেন বলেন, কল্পরাজ্যের চাঁদের দেশে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। খুব সম্ভবত, আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছি।

চাঁদে জমি কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হলো মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’। তারা চাঁদে প্রতি একর জমি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলারে বিক্রি করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।

এরপর প্রতিষ্ঠানটি জমির ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে। এছাড়াও কেউ বেশি ব্যয় করতে রাজি থাকলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চাঁদে জমি কেনা এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর