ঘরে বসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে একটি বাসায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক এবি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার অভয়নগর থানার রাজঘাট এলাকায় নিজ বাসায় বোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরণ হলে গুরুতর আহত হন শফিকুল। পরে আমরা খবর পেয়ে দ্রুত তার বাসায় গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শফিকুলের বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া জানান, যশোরের অভয়নগর থানার রাজঘাট এলাকা থেকে বোমা বিস্ফোরণে আহত শফিকুলকে ঢামেকে নিয়ে আসা হয়। রাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর