ধামরাইয়ে ডিএনসি’র অভিযানে আটক ২

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ধামরাইয়ে এক অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টার সময় ধামরাই থানাধীন গাওয়াইল এলাকায় পরিচালিত অভিযানকালে মোঃ আনোয়ার হোসেন (৩০) ও শফিকুল (২৫) দু’জনকে আটক করা হয়।

ডিএনসি ঢাকা জেলার ধামরাই সার্কেল এর উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে ধৃত দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম এর পরিচালনায় মোবাইল কোর্ট এর কাছে হস্তান্তর করা হয়। মামলা নং ৪০ ও ৪১।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৩০) কে ০৬ (ছয়) মাসের কারাদণ্ড এবং শফিকুল (২৫) কে ০৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করেন।

এব্যাপারে ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত শুভ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। মূলত গোপনসূত্রে খবর পেয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের জিন্য অভিযান পরিচালিত হয়।

এসময় ইয়াবা মাদক সেবনরত অবস্থায় গাওয়াইল এলাকা থেকে তার সহযোগী শফিকুলকে সহ তাদের আটক করা হয়। তাদের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুইটি মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসি’র এই চৌকস কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর