ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সুরাইয়া খানম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলরচর এলাকার ভ্যান চালক গোলজার শেখের মেয়ে।
জানা যায়, দ্রুত গতির একটি মোটরসাইকেল শেখ হাসিনা সেতু অতিক্রম করার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী সাজিদ শেখ (২০) ও সোহান শেখ (২২) গুরুতর আহত হয়। তাদের দু’জনের বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে।
স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সাজিদ মহম্মদপুর থানায় উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত রাকিব হোসেনের ভাতিজা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি মো. নাসির হোসেন বার্তা বাজারকে বলেন, ‘বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে