রাজধানীতে ১০তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মো. সজীব (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব জামালপুর জেলার সদর থানার রঘুনাথপুর গ্রামের আলহাজের ছেলে। ওই ভবনে থেকে তিনি কাজ করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট সজীব।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাহিদ জানান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নির্মাণাধীন একটি ১০তলা ভবনে কাজ করছিলেন সজিব। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎপড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর