বিএনপিকে আয়নায় চেহারা দেখার আহ্বান সেতুমন্ত্রীর

সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি দেখতে পারবে নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মধ্যে ফ্যাসিবাদি মানসিকতা বিরাজ করছে। বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। তারাই তাদের আমলে ফ্যাসিবাদি চর্চা করেছিল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

‘সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, সরকার গঠনমূলক সমালোচনাকে সর্বদাই স্বাগত জানায়।

তিনি বলেন, বিএনপি এমন এক রাজনৈতিক দল, যারা গত তেরো বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, বিআরটি, সারাদেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতো আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা মনে শান্তি ও স্বস্তি খোঁজেন। কিন্তু তারা তাদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না।

তিনি বলেন, বিএনপি কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা লুকাতে চায়।সরকারের বিরুদ্ধে সবসময় মিথ্যাচার করছে অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কম আসছে। প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে, তাও বলে কথা নাকি কম দেওয়া হচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে গিয়ে কথা বলতে পারত, কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে তিনি দ্বিচারিতা করেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর