যারা মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। যারা টিকা নিয়েছেন তারাও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, সুস্থ থাকুন। দেশের মানুষ ও প্রবাসী যারা আছেন তাদের মঙ্গল কামনা করি।
মঙ্গলবার (১৪ আগস্ট) সংসদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই সংসদে আমরা এতজন সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
এমপি মাসুদা রশীদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।
শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এবার যখন শুরু করলাম দুইজন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকেই (গতকাল) পেলাম এই মৃত্যুর খরব। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।
মাসুদা রশীদের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারপ্রধান বলেন, তিনি খুবই মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক অবদান রাখতে পারতেন। তার মৃত্যু আমাদের সমাজের যথেষ্ট ক্ষতি সাধন করলো।
তিনি আরও বলেন, মাসুদা রশীদ চৌধুরীর বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে।
বার্তা বাজার/নব