রাজধানীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় এক তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত তরুণের বয়স আনুমানিক ২২ বছর।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে কমলাপুর মাজার রোডে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে ছিল। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এলাকার লোকজনের মুখে জানতে পারি, তিনি ভাসমান হিসেবে থাকতেন। তার শরীরে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে রাস্তায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর