ভাসানচরে রোহিঙ্গা শিশুকে ধর্ষণ

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এক রোহিঙ্গা (০৭) শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভাসানচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্প-৩ এ বসবাস করা শিশুটি বেলা ১১টার দিকে ১৪ নং ক্লাস্টারের খেলাধুলা করতে যায়। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি অর্থের প্রলোভন দেখিয়ে ১৪ নং খালি ক্লাস্টারের এইচ-১২ এর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। দুপুর ১২টার দিকে এক শিশু এসে তার পরিবারকে জানায় তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে।

তখনই শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। অন্যদের সহায়তায় শিশুটিকে ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখান থেকে শিশুটিকে রেফার্ড করা হয় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে।

ভাসানচর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিম জানায়, ধর্ষণকারীকে দেখলে সে চিনতে পারবে।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর