পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি জুট মিল থেকে চুরি করে পালানোর সময় পুলিশের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে একদল চোর। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার মনোয়ারা জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। গ্রেফতার করা হয় হান্নান ও জুয়েল নামে দুই হামলাকারীকে। এছাড়া কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১টি পেট্রলবোমা, ১টি ধারালো দা, ৩টি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করা হয়েছে।

জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে মনোয়ার জুট মিল থেকে হান্নান ও জুয়েলসহ তাদের সহযোগীরা পরিত্যক্ত মেশিনারিজের পার্টস খুলে ট্রাকে ভর্তি করছিল। স্থানীয়রা এটা দেখতে পেয়ে অবহিত করে সিদ্ধিরগঞ্জ থানায়। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার অন্যান্য পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা ট্রাকভর্তি মালামাল নিয়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে এ সময় পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

এক পর্যায়ে পুলিশ তাদের ধরতে গেলে পেছন থেকে কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ অবিস্ফোরিত পেট্রোলবোমাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার করে। পরে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে জুটমিলের পাশ থেকে জুয়েলকে গ্রেফতার করে কবিরকে আটক করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ওসি মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর